বিরোধী দল জামায়াতে ইসলামী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মধ্যে গভীর রাজনৈতিক সখ্য রয়েছে, যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে! এমন প্রচারণা চালাচ্ছে জামায়াত। অথচ আওয়ামী লীগ বরাবরই অপপ্রচারের রাজনীতি করে আসছে। এখন সেই প্রচারণায় আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে। দুই দলের বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করলেই তাদের মধ্যে মিল খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেন তিনি।
এদিকে সদ্য শেষ হওয়া শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপিত হওয়ায় সরকারের ভূমিকার প্রশংসা করেন বিএনপির এই নেতা। তাঁর মতে, সরকারের আন্তরিকতা ও দায়িত্বশীল পদক্ষেপের ফলে সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সরকার আয়োজনটি সফলভাবে শেষ করতে পেরেছে।
দেশের চিকিৎসাসেবা নিয়েও কথা বলেন রিজভী। তিনি জানান, অর্থের অভাব কিংবা চিকিৎসার সুযোগ না পাওয়ায় কোনো সাধারণ মানুষ যাতে প্রাণ না হারান, তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে।
ডিএসসিসির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে পথচারী ও বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এডিস মশার বিস্তার রোধ এবং মশাবাহিত রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।