
রাজধানীর মালিবাগ ও মৌচাক এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অল্প সময়ের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে দেশ টেলিভিশনের কার্যালয়ের সামনে। এর কিছুক্ষণ পর মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ধারাবাহিক এসব ঘটনায় নগরীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
এ ছাড়া সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথ ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এসব ঘটনায় কেউ আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।