অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ছয় দিনের এই সফরে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
পাশাপাশি দুই দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন।
ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ ছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সফর শেষে আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।