প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্ম নেওয়া তারেক রহমান আজ ৬২ বছরে পদার্পণ করেছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান।
তারেক রহমানের শৈশব ও শিক্ষাজীবন কেটেছে ঢাকায়। তিনি ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেন।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন। পরবর্তী সময়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন তারেক রহমান। পরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তারেক রহমান। তাঁর ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা বিএনপির নির্বাচনী অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ ছিল। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
সরকারের পক্ষ থেকে গত কয়েক মাসে অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও প্রবাসীকল্যাণসহ বিভিন্ন খাতে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড কর্মসূচি; ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ঋণ মওকুফ; শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুবিধা এবং ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা চালু।
এ ছাড়া সরকারি ব্যয় কমানো, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির কথাও উল্লেখ করেছে সরকার। সংসদীয় গণতন্ত্র ও জবাবদিহি জোরদারের উদ্যোগের অংশ হিসেবে প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির বিষয়টিও সামনে এসেছে।
তারেক রহমানের রাজনৈতিক দর্শনে বহুত্ববাদী ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অঙ্গীকারের কথা বলা হয়েছে।